প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত ‘বিপজ্জনক’: ট্রাম্প

0
11

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ বিকট শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তাড়াহুড়ো করে সরে যাওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প একবার ভারসাম্য হারিয়ে পড়ে যান।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক। রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও অতিরিক্ত গুরুত্ব দিতে চান না।

সিএনএন ও রয়টার্সের তথ্য অনুযায়ী, হোটেলের একটি নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে বিশৃঙ্খলা তৈরি হয়। হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানা গেছে। সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে প্রতিহত করে। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও উন্নতমানের বুলেটপ্রুফ ভেস্ট থাকার কারণে প্রাণে বেঁচে যান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী ছিল। তিনি সিক্রেট সার্ভিসের সাহসিকতার প্রশংসা করে বলেন, অত্যন্ত সাহসী কিছু সদস্য হামলাকারীকে আটক করেছে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এফবিআই ও সিক্রেট সার্ভিস ঘটনার তদন্ত শুরু করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে