এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশ নারী হকি দল

0
11

জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বাছাই পর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। এই জয় তাদের প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা এনে দিয়েছে। ঐতিহাসিক এই অর্জনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক নারী হকি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হওয়ার সমীকরণ নিয়ে মাঠে নামে লাল-সবুজের মেয়েরা। তবে তারা শুধু ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়ে। ম্যাচের প্রথম মিনিটেই হংকং এগিয়ে গেলেও দশম মিনিটে মিডফিল্ডার নাদিরা এমার ফিল্ড গোল এবং ৩৯ মিনিটে কনা আক্তারের গোল বাংলাদেশকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দল।

চলমান এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর সেই প্রথম আসরেই বাজিমাত করে তারা। চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে প্রথমবারের মতো পুরুষ দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

প্রতিমন্ত্রী এই জয়কে দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ শুধু সেমিফাইনালই নিশ্চিত করেনি, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও জাগিয়েছে।

তিনি আরও বলেন, নারী হকি দলের অদম্য স্পৃহা ও লড়াই করার মানসিকতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এশিয়ান গেমসেও মেয়েরা এই ধারাবাহিকতা বজায় রাখবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি দলের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে