সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের অটল অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

0
26

বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে উঠে আসা বিষয়গুলোতে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈঠকে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা তুলে ধরে সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। নোয়াব সদস্যরা বিএনপির বিজয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং উল্লেখ করেন যে ২০০১ সালে বিএনপি সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছিল। বর্তমানে এটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

সরকারি বিজ্ঞাপন বিল বকেয়া, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে নোয়াব সদস্যরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী নিয়মিত বৈঠকের ওপর গুরুত্বারোপ করে তিন মাস পরপর এ ধরনের মতবিনিময়ের আয়োজনের কথা জানান।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে