সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন

0
14

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে বিএনপির মধ্যে। দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৫৪৪ জন প্রত্যাশী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২১ এপ্রিল; যাচাই-বাছাই: ২২ ও ২৩ এপ্রিল; আপিলের সময়: ২৬ এপ্রিল; আপিল নিষ্পত্তি: ২৭ ও ২৮ এপ্রিল; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৯ এপ্রিল; প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ: ১২ মে।

জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য নির্ধারিত হয়েছে ৩৬টি আসন, জামায়াতে ইসলামীসহ জোটের জন্য ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে