বাংলা সংগীতের জনপ্রিয় দুই শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়ে হাজির হচ্ছেন। শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পাচ্ছে।
প্রায় এক বছর আগে শুটিং শেষ হলেও কারিগরি জটিলতার কারণে মুক্তি আটকে ছিল। সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছে বিঞ্জ কর্তৃপক্ষ।
গল্পে উঠে এসেছে এক স্বাধীনচেতা মেয়ের জীবন ও সম্পর্কের টানাপোড়েন। নির্মাতা শিহাব শাহীন জানান, মেয়েটি নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দিয়ে জীবন গড়তে চায়, আর সেই স্বাধীনতার পথেই তৈরি হয় নানা জটিলতা।
প্রীতম ও জেফার দুজনেই এর আগে শিহাব শাহীনের সঙ্গে কাজ করেছেন। প্রীতমকে দেখা গেছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে, আর জেফার অভিনয় করেছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ। পরিচালনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই।




































